ইরানে নিহত বেড়ে ১২৩০, সংলাপের আহ্বান ইইউর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১২৩০ জনে। তেহরানের দাবি, দেশটিতে তিন হাজার ৬০০–র বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষকে সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় দেশগুলো।


বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানেও নতুন করে হামলার খবর পাওয়া গেছে। ইরানি গণমাধ্যম ফারস জানিয়েছে, তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্দ শহরের দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে আশপাশের কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী বিভাজন তৈরি করাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্য। তিনি দাবি করেন, যুদ্ধ শুরু করেছে হামলাকারীরাই।


এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত প্রায় ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ক্ষতি করা হয়েছে। উপসাগরে একটি মার্কিন তেল ট্যাংকারেও হামলার কথা জানিয়েছে তারা।


তেহরানের দাবি, ইরানের আকাশে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও একটি হার্মিস ৯০০ ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের তেল আবিব ও বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে খোরামশাহর-৪ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।


এছাড়া ইরাকের এরবিলে মার্কিন সামরিক আবাসস্থলে ড্রোন হামলায় ক্ষতির কথাও জানিয়েছে তেহরান।


অন্যদিকে আজারবাইজান তাদের ভূখণ্ডে দুটি ড্রোন হামলার অভিযোগ এনে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে ইরান।


এদিকে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে ফ্রান্স। পাশাপাশি কাতারে আরও চারটি টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।


সূত্র: রয়টার্স