আদালতে গিয়ে আরো তিন আসন পাচ্ছে জামায়াত?

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা, গাইবান্ধা ও শেরপুরের চারটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছেন পরাজিত প্রার্থীরা।


ঢাকা ও গাইবান্ধার তিনটি আসনে অভিযোগ এনে আবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থীরা। অন্যদিকে শেরপুর-১ আসনে কারচুপির অভিযোগে আবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পরাজিত প্রার্থী সানসিলা জেবরিন।


গতকাল বৃহস্পতিবার বিচারপতি জাকির হোসেনের একক বেঞ্চ আবেদনগুলো গ্রহণ করে সংশ্লিষ্টদের প্রতি নোটিশ জারি করেন।


শেরপুর-১ আসনে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী মো. রাশেদুল ইসলাম রাশেদ। ঢাকা-৬ আসনে জামায়াতের মো. আবদুল মান্নান বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের কাছে পরাজিত হন এবং তিনিও আবেদন করেন। ঢাকা-৭ আসনে জামায়াতের মো. এনায়েত উল্লা বিএনপির হামিদুর রহমানের কাছে পরাজিত হন। গাইবান্ধা-৪ আসনে জামায়াতের মো. আব্দুল রহিম সরকার বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সারের কাছে হেরে গিয়ে আবেদন করেন।


জামায়াতের আবেদনকারীদের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এক টেলিভিশন চ্যানেলকে জানান, আদালত আবেদন গ্রহণ করে অভিযোগ সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ব্যালট পেপার, ফলাফল শিটসহ সব নথি আদালতের হেফাজতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।


এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ও ১০ মার্চ।