ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। রবিবার (১ মার্চ) সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে। বিবিসি ও সিএনএনের প্রতিবেদনেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানায়, “ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।”
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে খামেনির মৃত্যুর দাবি করেন। সেখানে তিনি লেখেন, “খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।”
রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে—শনিবার ভোরে এ হামলা চালানো হয়। তখন খামেনি তার কর্মস্থলে নির্ধারিত দায়িত্ব পালন করছিলেন।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে রবিবার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন