ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাংবাদিকদের উদ্দেশ্যে পাঠানো এক বিবৃতিতে তিনি তার ব্যক্তিগত এবং পরিবারের সদস্যদের মোট ৯টি ব্যাংক হিসাবের তথ্য তুলে ধরেন।


বিবৃতিতে বলা হয়, তার ব্যক্তিগত হিসাবে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-তে ১৯ মার্চ ২০২৪ থেকে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ের স্টেটমেন্ট অনুযায়ী মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার ৯৬১ টাকা এবং মোট উত্তোলন ৭৬ লাখ ৩ হাজার ৩৩৫ টাকা। বর্তমানে ওই হিসাবে স্থিতি রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। এছাড়া সোনালী ব্যাংক পিএলসি-তে ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে খোলা হিসাবে ১০ হাজার টাকা জমা এবং ৭০ টাকা উত্তোলনের পর বর্তমান স্থিতি রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা।


তার স্ত্রীর নামে প্রাইম ব্যাংক পিএলসি-তে ১ মে ২০২৫ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ের স্টেটমেন্ট অনুযায়ী মোট জমা ৫১৫ টাকা, উত্তোলন ২ টাকা এবং বর্তমান স্থিতি ৬১৩ টাকা।


এছাড়া তার পিতার নামে একাধিক ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য প্রকাশ করা হয়। জনতা ব্যাংক পিএলসি-তে একটি হিসাবে ১ জুলাই ২০২৪ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ের স্টেটমেন্ট অনুযায়ী বর্তমান স্থিতি রয়েছে ৫১ হাজার ৯৯০ টাকা। একই ব্যাংকে একটি ঋণ হিসাবে মোট ১০ লাখ টাকা ঋণ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত ৩ লাখ ৭০ হাজার ২৫৪ টাকা পরিশোধ করা হয়েছে এবং বর্তমান দায় রয়েছে ৬ লাখ ২৯ হাজার ৭৪৬ টাকা।


রূপালী ব্যাংক পিএলসি-তে তার পিতার নামে ১ জুলাই ২০২৪ থেকে ১ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ে মোট জমা হয়েছে ১১ লাখ ১৯ হাজার ১৫৫ টাকা এবং উত্তোলন হয়েছে ২১ লাখ ১০ হাজার ১৯৬ টাকা। বর্তমানে ওই হিসাবে স্থিতি রয়েছে ২৭ হাজার ৬০২ টাকা। অগ্রণী ব্যাংক পিএলসি-তে একই সময়ের স্টেটমেন্ট অনুযায়ী মোট জমা ৮ লাখ ১২ হাজার ৩৪৮ টাকা, উত্তোলন ৮ লাখ ৪ হাজার ৪২ টাকা এবং বর্তমান স্থিতি ৬৬ হাজার ১০৮ টাকা।


এছাড়া এনআরবিসি ব্যাংক পিএলসি-তে “ইসরাত এন্টারপ্রাইজ” নামে একটি ব্যবসায়িক হিসাবে ১ জানুয়ারি ২০২৫ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ে মোট জমা হয়েছে ৪ লাখ ২ হাজার ৯ টাকা এবং উত্তোলন হয়েছে ১ হাজার ১০৬ টাকা। বর্তমানে ওই হিসাবে স্থিতি রয়েছে ৪ লাখ ৯০৩ টাকা।


অন্যদিকে তার মায়ের নামে রূপালী ব্যাংক পিএলসি-তে ১ জুলাই ২০২৪ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ে মোট জমা হয়েছে ৯৪৮ টাকা এবং উত্তোলন হয়েছে ৭১৮ টাকা। বর্তমানে ওই হিসাবে স্থিতি রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা।


বিবৃতিতে আরও জানানো হয়, উল্লেখিত ৯টি ব্যাংক হিসাবের সম্পূর্ণ স্টেটমেন্টের সফট কপি সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়েছে।