বিবিসি বাংলার কাছে কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদীর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান। ছবি: মেট্রো নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান BBC Bangla-এর বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) তিনি বিবিসি বাংলার প্রধান সম্পাদক ও ডিরেক্টর জেনারেলের ই-মেইলে এই নোটিশ পাঠান। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে।


মাহদী হাসান জানান, গত ২১ ফেব্রুয়ারি বিবিসি বাংলা তার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে তার কাছে প্রায় ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থাকার বিষয়সহ বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়।


তিনি দাবি করেন, প্রতিবেদনে প্রকাশিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের তথ্য প্রকাশ করা হয়েছে, যা তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।


এ ঘটনায় তিনি বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই প্রতিবেদন প্রত্যাহার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।