ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
ফরিদপুরে মার্চের প্রথম দিনে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রোববার (১ মার্চ) সকাল ৭টার দিকে শহরের চকবাজার এলাকার থানার মোড়ে অবস্থিত পৌর আওয়ামী লীগের কার্যালয়ে (সাবেক জেলা আওয়ামী লীগ কার্যালয়) এ কর্মসূচি পালন করেন ৮–১০ জন যুবলীগ কর্মী। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ স্লোগান দেন। পরে শেখ মুজিবুর রহমান–এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল হাসান প্লাবন। তিনি বলেন, অগ্নিঝরা মার্চের চেতনা ধারণ ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, পতাকা উত্তোলনের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই; বর্তমানে কার্যালয়টি পরিত্যক্ত এবং সেখানে কোনো পতাকা নেই।
উল্লেখ্য, ভবনটি দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হলেও ২০২২ সালে আলিপুরের হাসিবুল হাসান লাভলু সড়কে নতুন কার্যালয় উদ্বোধনের পর এটি শহর আওয়ামী লীগের কার্যালয় হয়। ২০১৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সময় নতুন জেলা কার্যালয় ভেঙে ফেলা হয় এবং সেখানে পরে সরকারি উদ্যোগে ‘জুলাই স্মৃতি স্মারক’ নির্মাণ করা হয়েছে।
বিকাল সাড়ে ৫টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে থাকা পতাকা উত্তোলনের তিনটি স্টিল স্ট্যান্ড কেটে অপসারণ করেন। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন নিয়মিত সেখানে পতাকা উত্তোলন করায় পুলিশ বিব্রত হয়। তিনি জানান, বিকেলে ছাত্র-জনতা স্ট্যান্ডগুলো সরিয়ে দেয় এবং তিনি ঘটনাস্থলে কিছুক্ষণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন