আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তির অভিযোগ
ভর্তি বিজ্ঞপ্তিতে নির্ধারিত শর্ত পূরণ না করেও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে এক শিক্ষার্থীকে ভর্তি নেওয়ার অভিযোগ উঠেছে। অনিয়মের মাধ্যমে ভর্তি হওয়া মো. খালিদ হাসান শান্ত খুলনার সরকারি ব্রজলাল কলেজ থেকে প্রাণিবিদ্যায় চার বছরের বিএসসি ডিগ্রি অর্জন করেছেন।
গত বছরের ২১ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। যাচাই-বাছাই শেষে ১৭ ডিসেম্বর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ এবং ২৭ ডিসেম্বর লিখিত পরীক্ষা ও ফল প্রকাশ করা হয়। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাজবিজ্ঞানে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়া মাস্টার্সে ভর্তির সুযোগ নেই।
ঘটনাটি প্রকাশ্যে এলে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২০২০–২১ সেশনের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, নিজ বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষার্থীরা ভর্তি থেকে বঞ্চিত হলেও শর্ত না মেনেই বাইরের গ্র্যাজুয়েট ভর্তি হয়েছেন।
অভিযুক্ত শিক্ষার্থী মো. খালিদ হাসান শান্ত বলেন, তিনি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি না দেখেই আবেদন করেছিলেন এবং শিক্ষকদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান জানান, এটি অনিচ্ছাকৃত প্রশাসনিক ভুল এবং ওই শিক্ষার্থীর ভর্তি বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন