প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ৪ ইসলামিক দল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি দল অংশ নিলেও সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে ৯টি দল। নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয়ী হয়ে সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসনে জয়লাভ করেছে।


এবারের নির্বাচনে চারটি ইসলামি দল মোট ৭২টি আসনে জয় পেয়েছে, যা ১৯৭৩ সালের পর এই প্রথম একাধিক ধর্মভিত্তিক দলের সংসদে প্রবেশের ঘটনা। জামায়াতের পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে (ময়মনসিংহ-২ ও মাদারীপুর-১), খেলাফত মজলিস একটি আসনে (সিলেট-৫) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে (বরগুনা-১) জয় পেয়েছে। উভয় খেলাফত মজলিসই জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক।


বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. অলি উল্লাহ ১,৪০,২৯১ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া দলটি কয়েকটি আসনে দ্বিতীয় অবস্থানে ছিল।


এর আগে ২০০১ সালে জামায়াত ১৮টি এবং ২০০৮ সালে ২টি আসনে জয়ী হয়েছিল, যা বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকার ফল। তবে বাংলাদেশ তরিকত ফেডারেশন ও ইসলামী ঐক্যজোট গত পাঁচ দশকে কোনো আসন পায়নি।


নির্বাচনে ৫১টি দলের ২,০৯০ জন প্রার্থী ও ৪৭৮ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।