আল জাজিরার রিপোর্ট: যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি ইরান
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা চললেও যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযানের হুমকি অব্যাহত রেখেছে। এর বিপরীতে ইরানও জানিয়েছে, তারা যেকোনো আগ্রাসন মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানায়।
এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তুরস্ক সফরে যাচ্ছেন। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ইরান। আঞ্চলিক পর্যায়ে বিশ্বাস করা হচ্ছে, এই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা থেকে বিরত রাখতে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবহর ইরানের জলসীমার কাছাকাছি অবস্থান করছে এবং তিনি সরকার পরিবর্তন ও সামরিক হামলার ইঙ্গিতও দিয়েছেন।
ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা পাল্টা বার্তায় জানিয়েছেন, আলোচনার চেয়ে প্রতিরোধই এখন তাদের অগ্রাধিকার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, ইরান নিজেকে রক্ষায় ‘২০০ শতাংশ প্রস্তুত’।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরান সামরিক সক্ষমতা জোরদার করেছে। গত জুনের যুদ্ধের পর থেকে একাধিক সামরিক মহড়া চালানো হয়েছে এবং নতুন এক হাজার কৌশলগত ড্রোন, যার মধ্যে আত্মঘাতী ড্রোনও রয়েছে, সশস্ত্র বাহিনীতে যুক্ত করা হয়েছে।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত ও কঠোর জবাব দিতে তারা প্রস্তুত। একই সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে বেসামরিক প্রস্তুতি বাড়াতে সীমান্তবর্তী প্রদেশগুলোতে খাদ্য ও জরুরি পণ্যের মজুত এবং জনসাধারণের আশ্রয়কেন্দ্রের দিকেও গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার।

মন্তব্য করুন