পাঁচ ব্যাংকের আমানতকারীরা দুই বছরের মুনাফা পাবেন না

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :
পাঁচ ব্যাংকের আমানতকারীরা দুই বছরের মুনাফা পাবেন না

সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে তাদের আমানতের ওপর কোনো মুনাফা পাবেন না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলো হলো—সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক, যেগুলো একীভূত হয়ে নতুন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এ রূপ নেবে।

বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংক রেজুলেশন স্কিম’ অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য আমানতের মুনাফা বাদ দিয়ে হেয়ারকাট প্রয়োগ করে চূড়ান্ত স্থিতি নির্ধারণ করা হবে। একীভূতকরণ শেষে পাঁচ ব্যাংক ধীরে ধীরে বিলুপ্ত হবে।

নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা, পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা। বাকি অর্থের একটি অংশ আমানতের স্থায়ী হিসাব থেকে শেয়ারে রূপান্তর করা হবে।

স্কিম অনুযায়ী, দুই লাখ টাকা পর্যন্ত আমানত যেকোনো সময় উত্তোলনযোগ্য হবে। এর বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাসে এক লাখ টাকা করে সর্বোচ্চ দুই বছরে উত্তোলনের সুযোগ থাকবে।