বাবরকে খোঁচা দিলেন চাচাতো ভাই উমর আকমল
পাকিস্তান ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থ ইনিংসের পর সমালোচনার ঝড় উঠেছে সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতেই পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন তার চাচাতো ভাই উমর আকমল।
পাল্লেকেলেতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান তোলে ১৬৪ রান। বাবর ২৪ বলে করেন মাত্র ২৫ রান। জবাবে ইংল্যান্ড দুই উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে এবং সেমিফাইনালে জায়গা করে নেয়। গুরুত্বপূর্ণ ম্যাচে বাবরের ধীরগতির ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা।
এমন সময় উমর আকমল ইনস্টাগ্রামে শেয়ার করেন ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ৯৪ রানের ঝড়ো ইনিংসের ভিডিও। ওই ম্যাচে ২৫ রানে ২ উইকেট হারানোর পর নেমে তিনি ৫৪ বলে ৯৪ রান করে দলকে ১৯১ রানের বড় সংগ্রহ এনে দেন। শেষ পর্যন্ত পাকিস্তান ১৬ রানে জয় পায় এবং ম্যাচসেরা হন উমর। অনেকের ধারণা, বর্তমান প্রেক্ষাপটে সেই ইনিংসের ভিডিও শেয়ার করে বাবরকে বার্তা দিতেই চেয়েছেন তিনি।
বাবরের পারফরম্যান্স নিয়ে সরব হয়েছেন আরও কয়েকজন সাবেক তারকা। ইমাদ ওয়াসিম মন্তব্য করেছেন, ‘এভাবে আর কত ম্যাচ নষ্ট করবে? সিনিয়র খেলোয়াড় হিসেবে তার দায়িত্ব আরও বেশি।’ একই ধরনের মন্তব্য করেছেন মোহাম্মদ আমির ও আহমেদ শেহজাদও।
ক্রমাগত ব্যর্থতায় বাবরের নেতৃত্ব ও দলে তার অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটারের এমন ফর্ম পাকিস্তান শিবিরে বাড়তি চাপ তৈরি করেছে।

মন্তব্য করুন