জনসভা থেকে আর ফেরা হলো না জামায়াত কর্মীর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামী নির্বাচনী সমাবেশ শেষে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভৈরবা এলাকায় একটি পাওয়ার ট্রিলার ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে আসাদ (নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের আনারুলের ছেলে) গুরুতর আহত হন। সঙ্গে আরও চারজন আহত হয়েছেন।


দুর্ঘটনার পরে মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। আসাদের অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত বাকি চারজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল।


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।