রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। ভর্তি জালিয়াতি রোধ ও পরীক্ষার্থীদের সহায়তায় কঠোর নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দ্বিতীয়বারের মতো রাজশাহী ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন।
এ বছর ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে তিন ইউনিটে মোট আবেদন করেছেন ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘সি’ ইউনিটে আবেদনকারী ১ লাখ ২৬ হাজার ২২৫ জন। ‘সি’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা–১২টা ও বিকেল ৩টা–৪টা পর্যন্ত দুই শিফটে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে।
কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬৮ হাজার ৪৯০ জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ১৯ হাজার ১৯ জন, চট্টগ্রামে ১৭ হাজার ৬৪৬ জন, খুলনায় ২৩ হাজার ৯০৯ জন, রংপুরে ৩৮ হাজার ২৫৭ জন এবং বরিশালে ৫ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
পরীক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে ১০টি হেল্প ডেস্ক, অভিভাবকদের জন্য ১১টি টেন্ট ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। সকাল সাড়ে ৯টার পর প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকবে। ভর্তি জালিয়াতি ও প্রক্সির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ এবং পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে আসনে উপস্থিত থাকতে হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

মন্তব্য করুন