রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ (শুক্রবার) পদত্যাগ করতে পারেন। তবে আজ না হলে আগামীকাল (শনিবার) পদত্যাগ করতে পারেন বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে। রয়টার্সের বরাতে জানা গেছে, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন।


সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আজ দেশে ফিরছেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।


বঙ্গভবনের একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। পদত্যাগের পর তিনি গুলশানের বাসভবনে উঠবেন এবং পরে চিকিৎসা ও বিশ্রামের জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে।


২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নেন মোঃ সাহাবুদ্দিন। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে দেওয়া বক্তব্যসহ বিভিন্ন ঘটনায় তিনি দীর্ঘদিন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিলেন। বর্তমান সংসদেও তাঁর ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।


সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতির ওপর কোনো পদত্যাগের চাপ দেওয়া হয়নি। তিনি চাইলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে পদত্যাগ করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ বিষয়ে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। বিএনপি জানিয়েছে, নতুন রাষ্ট্রপতি মনোনয়নে তারা তাড়াহুড়া করবে না এবং সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হবে।