৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তিনটি শর্ত সাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে এবং চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।


রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষর রয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদফতর হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়। পরবর্তীতে তদন্ত প্রতিবেদনে অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা ও প্রয়োজনীয় অগ্রগতি পাওয়ায় লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।


তবে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার জন্য তিনটি শর্ত নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে— 'দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২'-এর সব বিধান কঠোরভাবে অনুসরণ করা, লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ সম্পন্ন করা এবং ভবিষ্যতে কোনো শর্ত লঙ্ঘন করলে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।


উল্লেখ্য, গত ১৯ জুলাই আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল স্বাস্থ্য অধিদফতর। তবে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে।