আপত্তিকর ভিডিও ভাইরাল: ফরিদপুরে বিএনপি নেতা দল থেকে বহিষ্কার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

ফরিদপুরে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় বিএনপির এক নেতাকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।


বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জেলা বিএনপির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী এবং সদস্যসচিব এ কে এম কিবরিয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বহিষ্কৃত নেতা মো. ওবায়দুর রহমান (৪৮) সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি আলীয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অভিযোগে জড়িত থাকার কারণে মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


জানা যায়, সম্প্রতি ওবায়দুর রহমানের সঙ্গে এক নারীর ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।


তবে ভিডিওটি প্রকাশের পর ওবায়দুর রহমান দাবি করেছিলেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। বহিষ্কারের পর তাঁর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।


এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া বলেন, ভিডিওটি প্রকাশের পর দলীয়ভাবে বিষয়টি যাচাই-বাছাই করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় জরুরি সভা ডেকে তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।