ঈদুল আজহাকে সামনে রেখে বনশ্রীতে শুরু বিএইচ বিজনেস ক্লাবের উদ্যোক্তা মেলা
ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বনশ্রীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা। ‘বিএইচ বিজনেস ক্লাব’-এর আয়োজনে বনশ্রী সি ব্লকের ব্লু অলিভ রেস্টুরেন্টে গত রোববার (১০ মে) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১২ মে পর্যন্ত।
আয়োজকরা জানান, মেলায় ক্ষুদ্র ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ফ্যাশন, কসমেটিকস, জুয়েলারি, শিশুদের পণ্য, হোম ডেকোর, স্কিন কেয়ার, বিদেশি কসমেটিকস এবং জেন্টস আইটেমসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে মেলাটি।
বিএইচ বিজনেস ক্লাবের ফাউন্ডার ও সিইও জান্নাতুল ফেরদৌস জান্নাত বলেন, “উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং সরাসরি ক্রেতাদের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ করে দিতে আমরা নিয়মিত এ ধরনের আয়োজন করছি। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এটি আত্মবিশ্বাস তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম।”
তিনি আরও বলেন, সরকারি সিদ্ধান্তে মার্কেট দ্রুত বন্ধ হয়ে যাওয়ায় ক্রেতাদের কাছে এখন মেলাগুলো ভরসার জায়গা হয়ে উঠছে।
মেলায় ঘুরে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে স্থানীয় বাসিন্দা ও ক্রেতাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় ছাড়, ফ্রি মেহেদী অফার ও বিভিন্ন উপহার। ফলে কেনাকাটার পাশাপাশি পারিবারিক বিনোদনের পরিবেশও তৈরি হয়েছে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফট স্কিল ট্রেইনার তুষার হাসান হৃদয়। তিনি বলেন, “উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি দেখা করতে পেরে ভালো লাগছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সবাইকে সহযোগিতা করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রন্ধনশিল্পী হাসিনা আনসার, ফারজানা বুটিকসের প্রতিষ্ঠাতা ফারজানা আফরিন, দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মো. নুর হাকিম, ঋক্ষশৈলীর সভাপতি সুলতানা পারভিন মুক্তা এবং সাবা’স গ্যালারির স্বত্বাধিকারী শাহিনুর ইসলাম সাবা। এছাড়াও জনপ্রিয় মডেল ও ব্র্যান্ড প্রমোটাররা মেলায় অংশ নেন।
অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এ ধরনের মেলায় সরাসরি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানোর সুযোগ তৈরি হয়, যা পরিচিতি ও বিক্রি বাড়াতে সহায়ক। অনলাইন বিক্রির পাশাপাশি তাই তাঁরা বিভিন্ন উদ্যোক্তা মেলায় অংশ নিচ্ছেন।
আয়োজকরা আশা করছেন, ঈদুল আজহাকে ঘিরে আয়োজিত এ মেলায় ভালো বেচাকেনা হবে এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি হবে।

মন্তব্য করুন