আগামী ১ আগস্ট নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ
দেশের চলমান প্রেক্ষাপটে ইসলামবিরোধী বিভিন্ন তৎপরতা, ধর্মীয় মূল্যবোধে আঘাত এবং মুসলিম সমাজের উদ্বেগের নানা বিষয়কে সামনে রেখে আগামী ১ আগস্ট (শনিবার) নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে একটি ইসলামী মহাসমাবেশ। সকাল ১০টায় শুরু হওয়ার কথা রয়েছে এ সমাবেশের।
আয়োজকদের দাবি, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়্যাহ এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশের মূল উদ্দেশ্য হলো ইসলামবিরোধী কার্যক্রমের প্রতিবাদ, হেযবুত তাওহীদকে নিষিদ্ধ করার দাবি এবং বিভিন্ন ধর্মীয় ইস্যুতে জনসচেতনতা ও জনমত গড়ে তোলা।
সমাবেশ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা শেখ আহমদ, আল্লামা খলিল আহমদ কুরাইশী, আল্লামা আব্দুল হামিদ মধুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মুফতি আরশাদ রহমানী, আল্লামা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি শামসুদ্দিন জিয়া (পটিয়া), আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি দিলাওয়ার হুসাইন, মুফতি মিয়ানুর রহমান সাঈদ, মাওলানা আশেক এলাহী (পীর সাহেব উজানি), মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি মাহফুজুল হক এবং সৈয়দ মুফতি মুহা. ফয়জুল করিম (শায়খে চরমোনাই)সহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ড. এনায়েতুল্লাহ আব্বাসী, ড. উবায়দুল্লাহ হামজা, ড. কাজী ইব্রাহিম, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুরহানী, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি সাখওয়াত হুসাইন রাজী, মুফতি হারুন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মীর ইদ্রিস নদভী, মাওলানা আতাউল্লাহ আমিন, পীরজাদা সাইদ উদ্দিন আহমেদ হানজালা, মুফতি বসীরুল্লাহ, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মুফতি লুতফুর রহমান ফরায়েজী, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা আনিচুর রহমান আশরফী, মুফতি আমজাদ হুসাইন, মুফতি রিজওয়ান রফিকী, মুফতি মুজাম্মেল হুসাইন কামাল এবং মাওলানা আব্দুল হামিদ কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট আলেমরা অংশ নেওয়ার কথা রয়েছে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা ও চাঁদপুর জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন জেলা ও উপজেলায় প্রচারণা চালানো হচ্ছে।
সমাবেশকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। একই সঙ্গে তারা সকলের প্রতি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন