দুর্নীতিমুক্ত ও কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মহানগরী উত্তর আমির মো. সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন বলেছেন, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আদর্শ, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) পল্লবী মধ্য থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. সেলিম উদ্দিন বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী ও গণমুখী রাজনৈতিক সংগঠন। সমাজে ন্যায়বিচার, সাম্য এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।” তিনি দুর্নীতিমুক্ত ও প্রকৃত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে হলে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে মিরপুর এলাকার বিভিন্ন স্থানীয় সমস্যার টেকসই সমাধানে সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক মো. নাসির উদ্দিন, মহানগরী উত্তরের যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজ, পল্লবী মধ্য থানা সেক্রেটারি জুবায়ের আহমেদ রাজন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নাসির উদ্দিন সজল, থানা অর্থ সম্পাদক নুর আমীন এবং থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী মধ্য থানা আমির রইসুল ইসলাম।

মন্তব্য করুন