একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু আজ, আবেদন ফি ২২০ টাকা, পছন্দ দেওয়া যাবে সর্বোচ্চ ১০ কলেজ
সদ্য এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ বুধবার। আবেদন করতে শিক্ষার্থীদের ২২০ টাকা ফি দিতে হবে। আবেদন চলবে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পারবেন। আবেদন করতে হবে একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত সরকারি ওয়েবসাইটে। xiclassadmission.gov.bd
গত বছরের মতো এবার তিন ধাপে নয়, এক ধাপেই একাদশ শ্রেণির ভর্তি আবেদন গ্রহণ করা হবে।
গত ২৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। একই দিনে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর সময়সূচি জানায়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মঙ্গলবার জানান, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের পর যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। একই সময়ে অন্যান্য শিক্ষার্থীরাও তাদের পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন।
১৭ সেপ্টেম্বর প্রকাশ হবে ফল
আবেদন শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্বাচন নিশ্চায়ন করতে হবে।
নির্বাচন নিশ্চায়নের জন্য শিক্ষা বোর্ডকে বিভিন্ন খাতে মোট ৩৪০ টাকা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ ও মাদরাসায় ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর। আর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
কলেজভেদে নির্ধারিত ভর্তি ফি
ভর্তির ক্ষেত্রে কলেজের ধরন ও অবস্থান অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে। এমপিওভুক্ত কলেজে ঢাকা মহানগরে সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং অন্যান্য মহানগরে সর্বোচ্চ ৩ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে।
জেলা পর্যায়ে সর্বোচ্চ ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নেওয়া যাবে।
নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত কলেজে নির্ধারিত ফি আরও বেশি হতে পারে। এর বাইরে রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি বাবদ সর্বোচ্চ ৪০০ টাকা নেওয়া যাবে।

মন্তব্য করুন