দেশ ছেড়ে কানাডায় স্থায়ী, তবু ছাড়েননি অভিনয়
কথায় আছে, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’। অভিনেতা মিশু সাব্বির–এর জীবনে এই প্রবাদটি যেন দারুণভাবে সত্য। প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করে তিনি দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। বিশেষ করে ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। ঠিক সেই সময়ই পাড়ি জমান সুদূর কানাডায়।
তবে দেশ ছেড়েও অভিনয়ের টান কাটাতে পারেননি। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও শিল্পের প্রতি ভালোবাসা তাকে বারবার টেনে আনে ক্যামেরার সামনে। সুযোগ পেলেই নতুন কোনো চরিত্রে হাজির হয়ে প্রমাণ করেন—অভিনয় তার রক্তে মিশে আছে।
সম্প্রতি কানাডায় নির্মিত ইউটিউব সিরিজ Good Deed Bad Deed-এ অভিনয় করেছেন তিনি। সিরিজটি পরিচালনা করেছেন নিয়াজ কামরান আবির। ইতোমধ্যে এর দুটি পর্ব প্রকাশিত হয়েছে, আগামী শুক্রবার আসছে তৃতীয় পর্ব।
জানা গেছে, প্রবাসী জীবনের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিরিজটি। বিদেশে নতুন জীবনের শুরু থেকে নানা বাস্তব অভিজ্ঞতার গল্প এতে তুলে ধরা হয়েছে।
মিশু সাব্বির জানান, দেশ ছেড়ে এলেও মন পড়ে থাকে দেশেই। অভিনয় তার পেশা এবং ভালোবাসা—তাই সুযোগ পেলেই অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেন। তিনি বলেন, অভিনয় ছাড়া থাকা তার পক্ষে সম্ভব নয়। প্রবাসে বসবাস করা অনেকেই এই গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন।
বর্তমানে তিনি কানাডার টরন্টো শহরে বসবাস করছেন। গত আড়াই বছর ধরে সেখানে একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। চাকরির পাশাপাশি অভিনয় চালিয়ে যাচ্ছেন সমানতালে। সবকিছু মিলিয়ে তিনি সন্তুষ্ট বলেও জানান।
দেশের দর্শকরাও এখনও তাকে পর্দায় দেখছেন। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। দেশে না থাকলেও কানাডা থেকেই ভিডিও কলের মাধ্যমে শুটিংয়ে অংশ নিচ্ছেন। নিজের দৃশ্যগুলো ধারণ করে পাঠান টিমের কাছে।
তিনি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ তাকে ভিন্নধর্মী ভালোবাসা দিয়েছে। নতুন সিজনের মাধ্যমে এখনও দর্শকদের ভালোবাসায় আছেন। তবে সহকর্মীদের খুব মিস করেন, একসঙ্গে কাটানো সময়গুলোর অভাব অনুভব করেন।
এই মুহূর্তে দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই তার। তবে অভিনয় ছেড়ে দেওয়ারও কোনো ইচ্ছা নেই।

মন্তব্য করুন