নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের বাংলা এডিশন
ইলিয়াস হোসাইনের অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। এর ফলে আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেল পোর্টালটি।
রোববার (২৩ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগে দেওয়া নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
এর আগে, ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করেছিল। পরে নিবন্ধন ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে পোর্টাল কর্তৃপক্ষ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এবার নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৫ সালের ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘বাংলা এডিশন’। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
যাত্রা শুরুর কয়েক মাসের মধ্যেই পোর্টালটির নিবন্ধন বাতিল হওয়ায় সংবাদ কার্যক্রমে বাধার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এবার নিবন্ধন পুনর্বহালের মধ্য দিয়ে সেই বাধা কাটল।
নিবন্ধন ফিরে পাওয়ার পর আগের মতো ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সংবাদ প্রকাশের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে ‘বাংলা এডিশন’ কর্তৃপক্ষ।
সূত্র: ঢাকা পোস্ট

মন্তব্য করুন