ক্রিকেট মাঠ থেকে কানাডার পুলিশে: মেহরাব হোসেন জুনিয়রের নতুন জীবন
একসময় বাংলাদেশের ক্রিকেটে সম্ভাবনাময় প্রতিভা হিসেবে আলোচনায় থাকা মেহরাব হোসেন জুনিয়র এখন সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে পরিচিত। জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার বর্তমানে কানাডার পুলিশ বাহিনীতে পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০০৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ক্রিকেটবিশ্বে নিজের প্রতিভার জানান দেন মেহরাব। ওই আসরে ব্যাট হাতে ২১৩ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১৬টি উইকেট। অসাধারণ পারফরম্যান্সের পর অল্প সময়ের মধ্যেই জায়গা করে নেন বাংলাদেশের জাতীয় দলে।
২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে মেহরাব হোসেন জুনিয়র খেলেছেন ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ।
তবে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর তার জীবনযাত্রায় আসে বড় পরিবর্তন। ২০০৯ সালের পর তিনি ধর্মীয় অনুশাসনের প্রতি আরও মনোযোগী হন এবং টিভি দেখা ও গিটার বাজানোর মতো বিনোদনমূলক অভ্যাস থেকেও নিজেকে দূরে সরিয়ে নেন।
দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে কানাডার পুলিশ বাহিনীতে যোগ দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেন মেহরাব হোসেন জুনিয়র। ক্রিকেটের মাঠ থেকে পুলিশের দায়িত্ব—তার এই পরিবর্তন এখন নতুন করে আলোচনায় এসেছে।

মন্তব্য করুন