স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের একাদশ ঘোষণা, দেখে নিন এক নজর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ :

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে আর মাত্র কিছুক্ষণ পরই মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের সেরা দল স্পেন। বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১টায় নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হবে শিরোপা নির্ধারণী এই মহারণ।


ফাইনালের আগে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে দুই দল। সেমিফাইনালের একাদশে কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনা মাত্র একটি পরিবর্তন এনেছে। অন্যদিকে, ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠা স্পেন একই একাদশের ওপর আস্থা রেখেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।


স্পেন শিবিরের সবচেয়ে বড় স্বস্তির খবর, সেমিফাইনালে চোট পাওয়া তরুণ তারকা লামিন ইয়ামাল পুরোপুরি সুস্থ হয়ে ফাইনালে খেলছেন। একইভাবে পেশির সমস্যাকে পেছনে ফেলে ডানপ্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরোও শুরুর একাদশে রয়েছেন।


আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি রক্ষণভাগে গনসালো মন্তিয়েলের ওপর ভরসা রেখেছেন। ফলে নাহুয়েল মোলিনাকে বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে হবে। মাঝমাঠে ফিরেছেন রদ্রিগো ডি পল। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স করা নিকোলাস গনসালেজও সুযোগ পেয়েছেন প্রথম একাদশে। আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে থাকছেন হুলিয়ান আলভারেজ।


অন্যদিকে, সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারানো স্পেন কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামছে। গোলবারের নিচে আছেন উনাই সিমন। রক্ষণভাগে রয়েছেন পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে ও মার্ক কুকুরেয়া। মাঝমাঠে রদ্রির সঙ্গে খেলবেন ফাবিয়ান রুইজ। আর আক্রমণে আলেক্স বায়েনা, দানি ওলমো ও লামিন ইয়ামাল সমর্থন দেবেন স্ট্রাইকার মিকেল ওইয়ারসাবালকে।


তবে স্পেনের বেঞ্চেও রয়েছে একাধিক ম্যাচজয়ী ফুটবলার। পেদ্রি, নিকো উইলিয়ামস, মিকেল মেরিনো ও ফেরান তোরেস যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।


আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (৪-৪-২):
এমিলিয়ানো মার্তিনেজ; গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গনসালেজ; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।


স্পেনের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১):
উনাই সিমন; পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইজ; আলেক্স বায়েনা, দানি ওলমো, লামিন ইয়ামাল; মিকেল ওইয়ারসাবাল।


এবারের ফাইনাল দুই দলের সামনেই এনে দিয়েছে ইতিহাস গড়ার সুযোগ। আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারলে ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জার্সিতে দ্বিতীয় তারকা যোগ করার স্বপ্ন দেখছে স্পেন।