বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় ৫ হাজার গাছের চারা বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে পৌর বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোংলা পৌর শহরের চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং মোংলা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেন। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করা হচ্ছে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ফলজ গাছ রোপণ করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. জুলফিকার আলী সুন্দরবনকে ‘মা’ হিসেবে উল্লেখ করে বলেন, "ঝড়-জ্বলোচ্ছাসে সুন্দরবন বুক পেতে দিয়ে আমাদের রক্ষা করে। বন উজাড় হওয়ায় পরিবেশ ও অক্সিজেনের ভারসাম্য নষ্ট হচ্ছে। সুন্দরবন ও পরিবেশ রক্ষায় প্রত্যেকের গাছ লাগানো এবং তার পরিচর্যা করা প্রয়োজন"।
তিনি আরও বলেন, মোংলা বন্দরের উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ এবং চীনের সাথে সম্পাদিত চুক্তি বন্দরকে এগিয়ে নিয়ে যাবে। এ সময় তিনি বিএনপি নেতা তারেক রহমানের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, বিএনপি নেতা খোরশেদ আলম ও জসিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন