সুন্দর-বাসযোগ্য ঢাকা গড়ার অঙ্গীকার: সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেন সেলিম উদ্দিন
একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাজধানী গড়ার প্রত্যয় নিয়ে সপ্তাহব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জামায়াতের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর বসুন্ধরা, বাড্ডা ও রামপুরা এলাকার বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "আমরা এই ঢাকাকে বদলে দেবো, ইনশাআল্লাহ।" তিনি এমন একটি নগরী গড়ার স্বপ্ন দেখান যেখানে থাকবে না কোনো ময়লা-আবর্জনা, জলাবদ্ধতা কিংবা অসহনীয় যানজট। তিনি আরও উল্লেখ করেন যে, ৫৪টি ওয়ার্ডে একযোগে হাজার হাজার স্বেচ্ছাসেবক এই অভিযানে অংশ নিচ্ছেন এবং অভিজ্ঞ পরিচ্ছন্নতাকর্মীদেরও এই কাজে যুক্ত করা হয়েছে।
সিটি করপোরেশনের প্রতি যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, তারা বর্তমানে কোনো প্রশাসনিক দায়িত্বে না থাকা সত্ত্বেও কেবল নাগরিক ও মানবিক দায়বদ্ধতা থেকে জনগণের সেবায় মাঠে নেমেছেন। তিনি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এই মহৎ উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান।
নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত ঢাকা পেতে হলে সঠিক ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা অপরিহার্য। যারা জনগণের সঙ্গে মিশে ময়লা পরিষ্কারে পিছপা হন না, জনগণ তাদেরই মনে রাখবে বলে তিনি মন্তব্য করেন।
আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলবে। মঙ্গলবার এই অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আবুল বাসার, ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান, ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ তারেকসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এই কর্মসূচির সার্বিক তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন